নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী যাত্রী ছাউনিতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকের পিতৃপরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। একই সঙ্গে অসহায় ওই নারীর গর্ভধারণের পেছনের ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড় সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে ওই নারী একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মা ও নবজাতককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন বছর ধরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার আশপাশে ওই মানসিক প্রতিবন্ধী নারীকে ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি অধিকাংশ সময় সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় অবস্থান করতেন। সম্প্রতি স্থানীয়রা লক্ষ্য করেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে তার পরিবার, পরিচয় কিংবা গর্ভধারণের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
শুক্রবার বিকেলে প্রসব বেদনা শুরু হলে তিনি চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতেই একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসীর ধারণা, কোনো অজ্ঞাত ব্যক্তি তার মানসিক অসুস্থতা ও অসহায় অবস্থার সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় তিনি গর্ভবতী হয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিশুটির পিতৃপরিচয় শনাক্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতি ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তবে মানসিক প্রতিবন্ধী ওই নারী নিজের নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা স্পষ্টভাবে বলতে পারছেন না।
এদিকে নবজাতকের জন্মের পর স্থানীয় এক নারী শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “বিকেলে যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘটনাটি শুধু একটি মানবিক সংকট নয়, বরং সমাজের অসহায় ও প্রতিবন্ধী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।