কেউ বলে মেসির বডিগার্ড, কারো কাছে এল মোটোর, মাঝমাঠের ইঞ্জিন, প্রতিপক্ষের জন্য এল রাইয়ো, মেসি বা বস স্কালোনির জন্য সে রদ্রি, আর মাঠে তার কাজ একটাই– যেখানেই বল সেখানেই ডি পল।
আর্জেন্টিনা দলে লিও মেসি আর রদ্রিগো ডি পলের রসায়ন বেশ চোখে পড়ার মতো। চলমান বিশ্বকাপেও লা আলবিসেলেস্তেদের ম্যাচে দুজনকে দেখা যাচ্ছে একে অপরের ছায়াসঙ্গী রূপে।
এমনকি বিশ্বকাপের আগেভাগেই ডি পল ইউরোপে নিজের দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ার শেষ করে মেসির ক্লাব মায়ামিতে যোগ দিয়েছেন।
তার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বলেছিলো, “ডি পলের ক্লাব কোথায়, সেটা তাদের কাছে বড় কথা নয়; বড় কথা হলো সে মাঠে কেমন খেলছে।”
ইউরোপা লিগের গ্ল্যামারাস ছেড়ে মায়ামিতে আসার সিদ্ধান্ত হয়তো ডি পলের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজি, কিন্তু মেসির পাশে থেকে যুক্তরাষ্ট্রের সবুজ গালিচায় নিজেকে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা বিশ্বকাপে দুজনের জমজমাট পারফরম্যান্সেই এখন মোটাদাগে প্রমাণিত।
এমনকি বিশ্বকাপকে সামনে রেখে এই জুটি একজন আলাদা ট্রেইনারের আন্ডারে ডাবল শিফটে নিজেদের ঝালিয়ে নিয়েছে।
তবে ডি পলের মায়ামিতে আসার এই সিদ্ধান্তের মূলে যে মেসিই ছিল তার খোলাসা পল নিজেই করেন, “মেসি এবং আমার সবসময়ই একটা স্বপ্ন ছিল যে, আমরা কোনো একদিন একটি ক্লাবের হয়ে একসঙ্গে খেলব। জাতীয় দলে আমাদের সময়টা সবসময়ই খুব কম মনে হতো। আমি চেয়েছি প্রতিদিন মেসির সঙ্গে খেলার সেই দারুণ অনুভূতিটা উপভোগ করতে।”
তবেই বোঝো এই জুটির রসায়ন কতটা জনপ্রিয়!
যেকোনো ট্রেনিং সেশন বা দলের ট্যুরে তাদের দেখা যায় সবসময় একসাথে। যেন এই রসায়ন আর্জেন্টিনার সাফল্যের অন্যতম বড় কারণ।
মেসিও বরাবর ডি পলের প্রশংসা করতে কখনোই কার্পন্য করেননি, “রদ্রিগো আমার জন্য শুধু সতীর্থ নয়, সে আমার ভাই। মাঠের ভেতরে সে আমার কাজটা অনেক সহজ করে দেয়। তার এনার্জি আমাদের পুরো দলকে চাঙ্গা রাখে।”
ডি পলকে বলা হয় মেসির বডিগার্ড। মেসি যখন মাঠে আক্রমণে মনোযোগ দেন, তখন মিডফিল্ডে মেসির খালি জায়গাগুলো পূরণ করা এবং ডিফেন্সিভ চাপ সামলানোর মূল দায়িত্ব পালন করে ডি পল। কিন্তু কেবল ডিফেন্ড করেই শেষ না, মেসিকে খেলার স্পেস বানিয়ে দেয় সে। যেন মেসি ড্রিবল করলে ডি পল অপশন হয়ে দৌড়ায় আবার মেসি পাস দিলে ডি পল সেকেন্ড বল রিকভার করে।
মাঠে হয়ে ওঠেন একজন শিল্পী তো একজন শিল্প!
যেন সেই বাইশ বিশ্বকাপ থেকে অবধারিত, ডি পলের এসিস্টে বল গেলে মেসির কাছে, গোল আসে আর্জেন্টিনার ঘরে।
এই তো চলতি বিশ্বকাপেও মেসির প্রথম গোলের এসিস্ট ডি পলের। প্রতিপক্ষের চার জনকে পাশ কাটিয়ে বল ছুঁড়ে দিয়েছিল আর্জেন্টিনার এই ত্রাতার পায়ে।
“আমি ওর পায়ের কাছে বল দিতে চাই সবসময়। ও গোল দিলে আমার মনে হয় আমিই গোল দিলাম”– ডি পলের এই বয়ানেই ফুটে উঠে মেসির প্রতি তার আবেগ। মেসিও ভালোবাসার প্রতি উত্তরে বলেছিলেন– রদ্রিগোর বিশাল হৃদয় আছে... পুরো মাঠ দৌড়ায়, ডিফেন্ড করে, অ্যাটাক করে, আমাকে বল দেয় সবসময়।
আর্জেন্টিনার বস স্কালোনিও মানে– “রদ্রিগো ডি পল ছাড়া লিও মেসিকে কল্পনাও করা যায় না এই দলে।”
তাই তো বাইশ বিশ্বকাপ জয়ের পর মেসিও মজাচ্ছলে পরম বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি, বলেছিল, “রদ্রিগো আমাদের জন্য অনেক বড় কিছু। ও মাঠে যা করে সেটা সবসময় ক্যামেরায় ধরা পড়ে না। ও দৌড়ায়, মারামারি করে, আমাদের জেতায়।'”
“ওর সাথে খেলা অনেক সহজ। ও জানে আমি কোথায় বল চাইবো।”
ডি পল একবার কান্না ভেজা গলায় বলেছিল– “আমি মেসিকে রক্ষা করি কারণ সে আমাদের সবথেকে মূল্যবান সম্পদ। মাঠে সে আমাদের জন্য যা করে, তার জন্য আমি তার হয়ে যুদ্ধ করতেও রাজি আছি।”
বিশ্বকাপ জয়ের পরে বলেছিল, “লিও আমার কাছে একজন বন্ধুর চেয়েও বেশি, সে আমার কাছে ঈশ্বরের মতো। সে আমাদের শুধু ট্রফি জেতায়নি, সে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে।”
এইতো বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক দিয়ে আলজেরিয়ার বিপক্ষে জয়ে রেকর্ড বুক তছনছ করেছেন মেসি।
তবে এসবে মেসির মনোভাব নিয়ে ডি পল বেশ গর্ব করেই বলেন– “ও বেশিরভাগ রেকর্ডই জানে না। সে ইন্ডিভিজুয়াল রেকর্ডের পিছে ছুটে না, কিন্তু সব রেকর্ড ওর কাছেই চলে আসে।”
কিছুটা সমর্থকদের সুরে আরো বলেন– “লিওর সাথে খেলতে পারা আমার জন্য সৌভাগ্য। আমি বুঝি আমার শুধু ওকে দেখে উপভোগ করা উচিত।”
ডি পল নিজেও স্বীকার করেন মেসি তাকে সবসময় আগলে রাখে। ড্রেসিংরুমে সে তার খেয়াল রাখে। সে তার ভাই। “বিনিময়ে আমি তার জন্য মাঠে যুদ্ধ করি।”
এসবে আর্জেন্টিনা দলের অন্যান্য সতীর্থরাও মজা করে বলেন যে, তাদের দুজনকে আলাদা করা প্রায় অসম্ভব। তারা যেখানেই যায়, একে অপরের ছায়ার মতো থাকেন।