ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ভোর থেকে ঋষিঘাট এলাকায় হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান মেলা ঘিরে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা উপস্থিত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র স্নানের মাধ্যমে আত্মশুদ্ধি ও পূণ্য লাভের আশায় তারা গঙ্গা স্নানে অংশ নেন। পরে পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।
সকাল থেকেই ভক্তদের কীর্তন, ভজন ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে পুরো ঋষিঘাট এলাকা। মেলা প্রাঙ্গণে বিভিন্ন দোকানপাট, মিষ্টি, খাবার, খেলনা ও হস্তশিল্পের সামগ্রীর পসরা বসে। পরিবার-পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা ধর্মীয় আয়োজনের পাশাপাশি মেলার পরিবেশ উপভোগ করেন।
মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।
বারুণী গঙ্গা স্নান মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, বারুণী গঙ্গা স্নান মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি এলাকার ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর এ মেলায় বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের মিলন ঘটে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ মেলা শেষ হয়। অংশগ্রহণকারী ভক্ত ও দর্শনার্থীরা মেলার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।