বিশ্বকাপে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়াম। ম্যাচে তারকাবহুল শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ঘানা। ম্যাচ জুড়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে, প্রায় ৭৯% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও শেষ পর্যন্ত ঘানার সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।
তবে মাঠের খেলার বাইরেও আলোচনায় এসেছে মাঠেই ঘটে যাওয়া অন্য এক প্রসঙ্গ। ম্যাচের আগের সৌজন্য পর্বে দুই দলের খেলোয়াড়রা যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে অপরের সাথে হাত মেলাচ্ছিলেন তখন দেখা যায় ইংল্যান্ডের ডিফেন্ডার জেড স্পেন্স ঘানার মিডফিল্ডার থমাস পার্টের সঙ্গে হাত মেলান নি।
স্পেন্স ছাড়া ইংল্যান্ডের বাকি সব খেলোয়াড়রা পার্টের সাথে ম্যাচ পূর্ববর্তী এই ঐতিহ্যবাহী করমর্দন বা ফিস্ট-বাম্প করলেও তখন স্পেন্সকে পকেটে হাত গুঁজে পার্টেকে পাশ কাটিয়ে যেতে দেখা যায়।
পার্টে হাত বাড়ালে স্পেন্স হ্যান্ডশেক এড়িয়ে যায়। পার্টে অবাক হয়ে একবার পিছনে তাকায় পর মূহুর্তে লাইন কন্টিনিউ করে। এই দৃশ্য পরক্ষনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মূলত এ সময়ে থমাস পার্টের বিরুদ্ধে যুক্তরাজ্যে যৌন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে—যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।
থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়নের অভিযোগ করেছেন একাধিক নারী। তখন সে মূলত আর্সেনালে খেলতো। এই মুহূর্তে তার বিরুদ্ধে বেশ কিছু চার্জ রয়েছে যার ট্রায়াল হবে লন্ডনের একটি আদালতে। যদিও সমস্ত চার্জই অস্বীকার করেছেন পার্টে এবং বর্তমানে জামিনে রয়েছেন।
এই চলমান মামলার কারণেই কানাডা কর্তৃপক্ষ পার্টের ভিসা বাতিল করে। তাই প্রথম ম্যাচে পানামার বিপক্ষে টরন্টোতে খেলতে পারেননি পার্টে। তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বোস্টনের ম্যাচের জন্য ভিসা দেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যায় এই মিডফিল্ডারকে।
তবে দেখা যায় ম্যাচের সময়টা পার্টের পায়ে বল গেলেই ইংল্যান্ড ফ্যানরা সমানে বু বা দুয়োধ্বনি দিচ্ছিল।
তবে স্পেন্স কেন করমর্দন করলো না তা নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি স্পেন্স বা ফুটবল এসোসিয়েশন।
জেড স্পেন্সের এই আচরণ শুধু একটি ম্যাচের করমর্দন এড়িয়ে যাওয়া নয়, যেন এটি একটি শক্তিশালী সিম্বলিক প্রটেস্ট।