প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ হামলা ও লুটপাট: নারীসহ আহত ৪
মো আবু কাওসার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে ও তার গাড়ির গ্যারেজে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ১৯ এপ্রিল শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, চাকু সহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯) , রফিক মিয়া (২২) ও তার বড় বোন আলেয়া আক্তারকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা গাড়ির গ্যারেজে ও বসত বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আকাশের বড় বোন আলেয়া আক্তার বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি । সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: হুমায়ুন কবির সবুজ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে