ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পুখুরিয়া বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই ইউনিয়নের ১৬টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার সিরু মোল্লার সমর্থকদের সঙ্গে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থকদের মধ্যে পুখুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার সকালে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১টি গ্রামের বাসিন্দা এবং মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা, সদরদিসহ চার থেকে পাঁচটি গ্রামের হাজারো মানুষ দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, কয়েকজন সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
স্থানীয় অন্য একটি সূত্র জানায়, শনিবার (২৭ জুন) রাতে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজায় একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদক ব্যবসার অভিযোগ তুলে ওই এলাকার সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং পরদিন সকালে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের কারণে সকাল ৯টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুখুরিয়া বাসস্ট্যান্ড ও গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন জানান, সংঘর্ষের কারণে সকাল ৯টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যান চলাচল পুনরায় শুরু হয়েছে।