দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে পৃথক অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া গ্রামের এমপি মোড় থেকে প্রায় ১০০ গজ সামনে চকপাড়াগামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে মোছা. আবিরন (৫০) নামে এক নারীকে চার লিটার চোলাই মদসহ আটক করা হয়।
আটক আবিরন বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া (আটিপুকুর) এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী।
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে নূর মোহাম্মদ (৪২) নামে এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর কাটলা এলাকার বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।