শাহ আরেফিন (র.) আস্থানা পরিচালনায় স্বচ্ছতা দাবি, হিসাব প্রকাশ ও খাদেম অপসারণে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হযরত শাহ আরেফিন (র.) আস্থানা মোবারকে ভক্তদের দানকৃত সম্পদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, প্রশাসনের মাধ্যমে হিসাব পরিচালনা, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেক্রেটারি-খাদেমকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত প্রতি বছর আস্থানায় গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি, ডাল, কাপড়সহ বিভিন্ন ধরনের দান-অনুদান দিয়ে থাকেন। এসব দান থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় হলেও তার কোনো স্বচ্ছ হিসাব ভক্তদের সামনে উপস্থাপন করা হয় না বলে অভিযোগ করেন তারা।
বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে আস্থানা পরিচালনায় অনিয়ম, অস্বচ্ছতা ও আর্থিক দুর্নীতি চলে আসছে। তাই দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হিসাব প্রকাশ, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং আস্থানা পরিচালনায় প্রশাসনের তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, হযরত শাহ আরেফিন (র.)-এর আস্থানা ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতীক। তাই এ ধরনের প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।