হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের দশম দিনে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে তারা মহাসড়কে বাঁশ ফেলে অবস্থান নিলে সড়কের প্রায় চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দায়িত্বশীল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে হাসপাতাল চালুর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। আন্দোলনের সময় পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় এটি এখন প্রায় কীটপতঙ্গের আবাসস্থলে পরিণত হয়েছে। এতে একদিকে মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা ব্যাহত হচ্ছে, অন্যদিকে সুনামগঞ্জের সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও বলেন, ২০২৪ সালের ২৪ জুন এবং পরে ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতালটি চালুর ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালেও বিভিন্ন অজুহাতে হাসপাতাল চালু না করায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “দালালি না, রাজপথ—রাজপথ”, “শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি চলবে না”, “দাবি আদায়ের আন্দোলন চলছে, চলবে”, “হাসপাতাল চালুর রোডম্যাপ ঘোষণা করতে হবে”।
শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি—দ্রুত হাসপাতাল চালু করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা স্বাভাবিকভাবে পরিচালনার ব্যবস্থা করা।