ফরিদপুরের সালথা উপজেলায় যেকোনো ধরনের দাঙ্গা-সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনকে আগাম তথ্য দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউএনও দবির উদ্দিন বলেন, কোনো এলাকায় দাঙ্গা-সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। আগাম তথ্য পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে বন্ধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
এছাড়া, সালথা উপজেলায় বর্তমানে চলমান ২৮৫টি সড়কের উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সহযোগিতা চাওয়া হয় এই সভায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এবং স্থানীয় প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।