কুমিল্লার লাকসামে রহস্যজনকভাবে মারা যাওয়া রোখসানা আক্তার সুমাইয়ার (১৮) মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
নিহত সুমাইয়া লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোজপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও কহিনূর আক্তারের মেয়ে।
পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) রাতে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ। পরদিন সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মরদেহ উদ্ধার, ময়নাতদন্ত এবং স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সুমাইয়ার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সাইফুল ইসলাম প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এরপর অভিমান করে প্রথম স্ত্রী কহিনূর আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের বাটিয়াভিটা গ্রামে বাবার বাড়িতে চলে যান। প্রথম সংসারে তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, সন্তানদের সঙ্গে মায়ের যোগাযোগে আপত্তি ছিল সাইফুল ইসলামের।
সূত্রগুলোর ভাষ্য, ঘটনার দিন সুমাইয়া নানার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে বাড়ি ফেরার পর এ ঘটনাকে কেন্দ্র করে বাবা তাঁকে মারধর ও বকাঝকা করেন। এর পর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্তকারী সংস্থা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।