মেহেদী হাসান রিপন
সারাদেশে বয়ে যাওয়া প্রচণ্ড তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন যশোরের সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের প্রধান সড়কে ‘তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক সহমর্মিতার এমন উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"আয়োজক সংগঠন ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা, যশোর’ এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের প্রখর রোদে রাস্তায় চলাচলকারী রিকশাচালক, দিনমজুর ও সাধারণ পথচারীদের স্বস্তি দিতেই এই আয়োজন।সংস্থাটি এই কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। রাস্তার ধারে বিনামূল্যে শীতল শরবত পেয়ে পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।