সারা দেশের ফুটবলপ্রেমীরা যখন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের উত্তেজনায় মগ্ন, ঠিক সেই সময় চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ির একটি বড় চালান জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়নের একটি স্থানে চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় পণ্য মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকারী দল নদীপথে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় করে সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় পৌঁছে মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় একটি পাকা ঘর থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খেলার সময়কে সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেছিল চোরাকারবারি চক্র। তবে পুলিশের তাৎক্ষণিক অভিযানে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে সফলভাবে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।