হাফিজ মাওলানা ডা. হাফিজুল ইসলাম লস্কর
একটি দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসার সুযোগ নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের বর্তমান চিকিৎসাব্যবস্থার ভেতরের চিত্রটি পর্যালোচনা করলে দেখা যায়, এখানে ঐতিহ্যগত ও বিকল্প চিকিৎসা পদ্ধতির চিকিৎসকেরা চরম বৈষম্য ও এক ধরনের প্রাতিষ্ঠানিক অবহেলার শিকার। বিশেষ করে, সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে পাঁচ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা (BUMS ও BAMS) এবং ইন্টার্নশিপ শেষ করে আসা ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকেরা নিজ দেশেই পরিচয়হীন ও চরম অস্তিত্ব সংকটে ভুগছেন।
চিকিৎসা খাতের এই দ্বিমুখী নীতি এখন আর কোনো গোপন বিষয় নয়। সবচেয়ে বড় বৈষম্য দৃশ্যমান হয় যখন আমরা প্রেসক্রিপশন লেখার অধিকারের দিকে তাকাই। আধুনিক চিকিৎসার প্রয়োজনে একজন এমবিবিএস (MBBS) ডিগ্রিধারী চিকিৎসক অনায়াসে ইউনানি বা আয়ুর্বেদিক ওষুধ তার প্রেসক্রিপশনে লিখতে পারেন, এবং সেটি সম্পূর্ণ বৈধ চিকিৎসা হিসেবে গণ্য হয়। অথচ, একজন ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসক যখন রোগীর জীবন রক্ষার্থে বা তাৎক্ষণিক প্রয়োজনে কোনো এলোপ্যাথি ওষুধ প্রেসক্রিপশনে লেখেন, তখন তাকে 'অপরাধী' হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়। চিকিৎসার মতো একটি সংবেদনশীল ও বিজ্ঞানভিত্তিক পেশায় এই দ্বিমুখী আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না।
শুধু ওষুধের ক্ষেত্রেই নয়, আধুনিক রোগ নির্ণয় বা ডিজিটাল টেস্টের ক্ষেত্রেও এই চিকিৎসকদের হাত-পা বেঁধে রাখা হয়েছে। রোগ নির্ণয়ের জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম বা রক্ত পরীক্ষার মতো মৌলিক ও জরুরি ডিজিটাল পরীক্ষাগুলো করার পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও তাদের নানা আইনি জটিলতা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইনের কঠোর বেড়াজালে পড়তে হয়। রোগ নির্ণয় ছাড়া যেখানে সঠিক চিকিৎসা অসম্ভব, সেখানে একজন নিবন্ধিত চিকিৎসককে পরীক্ষা নিরীক্ষা লেখার অধিকার থেকে বঞ্চিত করা প্রকারান্তরে রোগীদের সঠিক সেবা পাওয়ার অধিকারকে খর্ব করার শামিল।
এর চেয়েও বড় অপমানের জায়গা তৈরি হয়েছে 'ডাক্তার' শব্দটির ব্যবহার এবং পেশাগত পরিচয় নিয়ে। বিশ্বজুড়ে চিকিৎসকের ইংরেজি রূপান্তর যেখানে 'ডাক্তার' (Doctor), সেখানে বাংলাদেশে হাইকোর্টের রায় ও বিএমডিসি আইনের মারপ্যাঁচে এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কারও নামের আগে 'ডাক্তার' বা 'Dr.' লেখা নিষিদ্ধ। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অতীতে বিভিন্ন সময় ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের নামের আগে 'ডাক্তার' লেখার বিষয়ে ইতিবাচক প্রজ্ঞাপন বা মৌখিক সম্মতি দেওয়া হয়েছিল। সুনির্দিষ্ট ও সুস্পষ্ট আইনি সুরক্ষা না থাকায় মাঠ পর্যায়ে এই চিকিৎসকদের প্রতিনিয়ত মোবাইল কোর্টের জরিমানা, হয়রানি ও সামাজিক মর্যাদাহানির মুখোমুখি হতে হচ্ছে। বৈধ সরকারি নিবন্ধন থাকার পরও তাদের কোনো সুনির্দিষ্ট আলাদা প্রিফিক্স (Prefix) দেওয়া হয়নি, যা তাদের পেশাগত পরিচয়কে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।
এই চিকিৎসকদের কোনো সুনির্দিষ্ট কর্মপরিধি (Job Scope) না থাকা এবং বিএমডিসি-এর আদলে বিকল্প চিকিৎসা পদ্ধতির জন্য শক্তিশালী ও স্বাধীন রেগুলেটরি বডি বা মেডিকেল কাউন্সিল না থাকার কারণেই এই সংকটের ডালপালা প্রতিনিয়ত বড় হচ্ছে। 'বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন' থাকা সত্ত্বেও প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে মাঠ পর্যায়ের চিকিৎসকেরা আইনি সুরক্ষার সুফল পাচ্ছেন না।
যদি আমরা একটি আধুনিক, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, তবে এই দ্বিমুখী নীতির অবসান ঘটাতেই হবে। এর জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন,
১. ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের যোগ্যতা ও শিক্ষার ওপর ভিত্তি করে আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে সমন্বয় রেখে একটি সুনির্দিষ্ট ও যুগোপযোগী কর্মপরিধি নির্ধারণ করতে হবে।
২. বিএমডিসি'র আদলে বিকল্প চিকিৎসা পদ্ধতির জন্য একটি শক্তিশালী, স্বাধীন ও কার্যকরী মেডিকেল কাউন্সিল বা কমিশন গঠন করা প্রয়োজন, যা তাদের পেশাগত অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করবে।
৩. তাদের পেশাগত মর্যাদা রক্ষার্থে নামের আগে কোনো সুনির্দিষ্ট সম্মানজনক প্রিফিক্স বা আইনি কাঠামোর মধ্যে 'ডাক্তার' লেখার স্থায়ী ও আইনি অধিকার নিশ্চিত করতে হবে।
৪. প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরি প্রয়োজনে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকেরা কোন কোন এলোপ্যাথি ওষুধ বা ডিজিটাল টেস্ট ব্যবহারের পরামর্শ দিতে পারবেন, তার একটি স্পষ্ট গাইডলাইন তৈরি করা দরকার।
ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকেরা এ দেশের স্বাস্থ্য খাতেরই একটি অংশ। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অবমূল্যায়ন করে এবং প্রতিনিয়ত হয়রানির মুখে রেখে একটি দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়ন অসম্ভব। আশা করা যায়, নীতিনির্ধারক মহল দ্রুত এই দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং চিকিৎসকদের তাদের প্রাপ্য আইনি ও পেশাগত মর্যাদা ফিরিয়ে দেবেন।
লেখক,
কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, ইউনানী গবেষক ও চিকিৎসক।