মোঘল আমলে নির্মিত নীলফামারীর কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স ও অন্যান্য সামগ্রী মিলে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়।
এসময় দান বাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া যায়। এছাড়া গত ৬ মাসে হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, সোনাসহ বিভিন্ন দানসামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের ব্যাংক হিসাবে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা করা হয়।
এ বিষয়ে চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বলেন, সভাপতির উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি আরিফুর রহমান বলেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।