মেহেদী হাসান রিপন
ভোরের শান্ত জনপদে হঠাৎই রক্তক্ষয়ী সংঘর্ষের চিত্র। দীর্ঘদিনের জমাট বাধা বিরোধের জের ধরে যশোরের চৌগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল ৭টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামের একটি মন্দিরের সামনে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, পাতিবিলা গ্রামের মৃত অনন্ত ঘোষের ছেলে গোষ্ঠ ঘোষ প্রতিদিনের মতো শুক্রবার সকালে ঘর থেকে বের হন। তিনি গ্রামের মন্দিরের সামনে পৌঁছাতেই ওত পেতে থাকা প্রতিবেশী রিপন (৪০), স্বপন (৪৫), সৈকত (২৮) ও আরাধোন (৩০) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ উঠেছে, হামলাকারীরা জিআই পাইপ ও কুড়াল দিয়ে তাকে লক্ষ্য করে আঘাত করতে থাকে। কুড়ালের আঘাতে তার মাথা ও হাত গুরুতর রক্তাক্ত হয়।আহত গোষ্ঠ ঘোষের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে ভর্তি থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন তিনি বিপদমুক্ত।তুচ্ছ ঘটনা থেকে দীর্ঘদিনের শত্রুতা—আর সেই সূত্র ধরেই এই পরিকল্পিত হামলা বলে ধারণা করছে স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই নৃশংস হামলার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে।