সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাহপুর বাজারে স্বামীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পারবিন আক্তার চৌধুরী। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীর বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন তাঁর আপন বড় ভাই রফিকুল ইসলাম বিন বারী।
বক্তব্যে পারবিন আক্তার চৌধুরী দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জোরপূর্বক জমি দখল, জালিয়াতি ও হয়রানির মাধ্যমে তাঁদের পরিবারকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের জমি ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও জামালগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কার্যকর প্রতিকার পাননি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।