জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৩ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস ঢাকা থেকে এসে দশমিনা বাসস্ট্যান্ড থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বাউফল সদর ইউনিয়নের আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।ঘটনাস্থল থেকেই এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার বলে জানা গেছে। তিনি বাউফল উপজেলার বামনকাঠি গ্রামের বাসিন্দা।আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাসের এক যাত্রী জানান, চলার সময় বাসটি অস্বাভাবিকভাবে দুলছিল এবং হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই খাদে পড়ে যায়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। বাসটি সম্পূর্ণ উদ্ধার করা হলে হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাবে।