ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বনাম আধিপত্যবাদী সাংস্কৃতিক আগ্রাসন শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি (আইইউসিএস)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এ কর্মশালা হয়।
এসময় প্রধান আলোচক ছিলেন সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশির। বিশেষ আলোচক ছিলেন সংগঠনটির সদস্য তাজমীন রহমান। এছাড়াও ইকবাল হোসাইন ইমন, তৌফিক হাসান, সুমাইয়া, খাতুন, সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ সাজিদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশির বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশই ভারতীয় সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি এবং কুসংস্কারাচ্ছন্ন অপসংস্কৃতিতে ভরে গেছে। পুরো দেশ ও জাতিকে সুস্থ সংস্কৃতির ধারায় নিয়ে আসার জন্য আমাদের অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কিছু রুচিহীন মানুষের কর্মকাণ্ড সমাজে ক্যান্সেরের মতো ছড়িয়ে যাচ্ছে। একজন মুসলিম হিসেবে এখনই এসব দমন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের মূল্যবোধ ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এবং চাপিয়ে দেওয়া সংস্কৃতি সম্পর্কে নবীন শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি।
প্রসঙ্গত, সংগঠনটি অপসংস্কৃতি প্রতিরোধ ও সুস্থ সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে।