মাগুরার ইছাখাদা নতুন বাজার থেকে দক্ষিণ মির্জাপুর হয়ে পাকাকাঞ্চনপুর যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও বিটুমিন নেই, খোয়া বা ইটও নেই—ফলে যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সম্প্রতি ইছাখাদা বাজার পার হয়ে পাকাকাঞ্চনপুর যাওয়ার পথে সড়কের ভাঙা অংশে ধানবোঝাই একটি ট্রাক উল্টে পড়ার ঘটনা ঘটেছে। সড়কের বাঁকগুলোও বিভিন্ন স্থানে ভেঙে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করায় সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই সড়ক দিয়ে রাঘবদাড় ইউনিয়নের মানুষের পাশাপাশি হাজরাপুর ইউনিয়নের বাসিন্দারাও নিয়মিত চলাচল করেন। প্রতিদিন মোটরসাইকেল, নছিমন, ট্রাক, লরি ও অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাজরাপুর ও রাঘবদাড় ইউনিয়নের সাধারণ মানুষ।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবে। একটি গুরুত্বপূর্ণ জনপথকে আর কতদিন এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখা হবে—এ প্রশ্ন এখন দুই ইউনিয়নের মানুষের।