বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন নেতৃত্বে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার চৈতি ও রাইহান উদ্দিন। এতে তানজিনা আক্তার চৈতিকে সভাপতি এবং রাইহান উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তানজিনা আক্তার চৈতি ও রাইহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সভাপতি তানজিনা আক্তার চৈতি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত।
অন্যদিকে সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত টঙ্গী সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগেও অধ্যয়ন করছেন।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব অর্পণের জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ এবং আনন্দিত। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তবে দায়িত্ব পালনের বিষয়ে নিজের বিনয় ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, “আনন্দের পাশাপাশি আমি কিছুটা চিন্তিতও বটে; বরাবরের মতো নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব কি না এবং এই পদের মর্যাদা রক্ষা করতে পারব কি না—তা নিয়ে সংশয় কাজ করছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আমার দায়িত্ব ও সম্মান অক্ষুণ্ন রাখার তাওফিক দান করেন।”
সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করায় আমি কেন্দ্রীয় সংসদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রিয় এই সংগঠনটি তরুণ লেখকদের সুপ্ত প্রতিভার বিকাশ ও লেখালেখির পরিসর বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “নবনির্বাচিত সভাপতি তানজিনা আক্তার চৈতি আপুর নেতৃত্বে এবং শাখার সকল নিবেদিতপ্রাণ সদস্যের আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে আরও বেগবান করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের মননে সাহিত্যপ্রেম ও লেখালেখির আলো ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন নেতৃত্বকে ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। নিয়মিত সাহিত্য আড্ডা, কর্মশালা ও লেখালেখির প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি মানসম্মত মতামত, কলাম, ফিচার, গল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে তরুণদের লেখালেখিতে আরও সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সদস্যদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের অধীনে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখির পরিসর বিস্তৃত হবে।