বোয়ালখালীতে মনসা পুঁথি অনুষ্ঠানে হাসান চৌধুরী
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর শ্রী শ্রী কালী বাড়ি মন্দিরে শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে আয়োজিত মনসা পুঁথি পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিদর্শন করেছেন শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি মন্দির প্রাঙ্গণে অবস্থান করে মনসা পুঁথি পাঠ উপভোগ করেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। বিশেষ করে এলাকার নারী ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তিনি আন্তরিকভাবে কথা বলেন।
অনুষ্ঠানে মো. হাসান চৌধুরী বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। মনসা পুঁথির মতো ঐতিহ্যবাহী লোকজ আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের শেকড় ও লোকজ ঐতিহ্য তুলে ধরা সম্ভব।
তিনি আয়োজকসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে মনসা পূজা ও পুঁথি পাঠকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।