দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। মিছিলটির নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ইমরান হাসান ইমন ও ছাত্রদল নেতা ইয়াসিন সাইফ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল চারটায় রায় সাহেব বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। জজ কোর্ট,বিশ্বজিৎ চত্বর, বাহাদুর শাহ পার্ক,বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, দ্বিতীয় গেট হয়ে পুনরায় রায় সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইমরান হাসান ইমন বলেন,দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোর ভাবে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।