জেলা প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় নারকেল গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন একটি নারকেল গাছের মাথায় উঠে পাশের গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁর হাতে থাকা কাঁচা বাঁশের আঁকশি অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল লাইনের ১১ হাজার বেলোল্টের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বাঁশটি বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি উচ্চমাত্রার বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছের ওপরেই আটকে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বিশেষ কৌশলে গাছের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিচে নামানো হয়।এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও বিরাজ করছে গভীর শোক।মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ লাইনের আশপাশে গাছে ওঠা বা ফল সংগ্রহের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বেপারে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।