ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিট প্রকল্পের অধীন সাব-প্রজেক্টের উদ্যোগে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের তৃতীয় তলার ৩৪৪ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম, লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন ম্যানেজার ড. মনোজ মান্না, হিট সাব-প্রজেক্টের ম্যানেজার ও সভাপতি ড. জাহাঙ্গীর আলম এবং হিট এসপিএমটির সদস্য ড. রেজাউল করিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাসহ প্রায় ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ রয়েছে। পাশাপাশি তার গবেষণাগারে থার্মো সাইন্টিফিকের হাই-রেজোলিউশন ফেজ কনট্রাস্ট ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, নাইকনের ফেজ কনট্রাস্ট ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ উইথ ডিআইসি এবং সুপার রেজোলিউশন প্রযুক্তি রয়েছে। লাইভ সেল ইমেজিংয়ের মতো গবেষণায় এসব উন্নত প্রযুক্তি কাজে লাগাতে না পারা আমাদের ব্যর্থতা।
গবেষণার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, গবেষণায় তিন ধরনের গ্যাপ রয়েছে। কোথাও প্রয়োজনীয় উপাদান থাকলেও অভিজ্ঞ ব্যক্তি নেই, আবার কোথাও উপাদান ও অভিজ্ঞ ব্যক্তি থাকলেও পর্যাপ্ত ফান্ডিং নেই। এ ছাড়া ফ্লুরোসেন্ট ডাইয়ের উচ্চমূল্যও গবেষণার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। আমি প্রায় ২০ বছর ধরে মাইক্রোস্কোপ নিয়ে কাজ করছি এবং এর হার্ডওয়্যার নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এসব প্রযুক্তি কাজে লাগিয়ে গবেষণাকে আরও এগিয়ে নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, গবেষক ও উদ্ভাবকদের আমার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।”