চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় পণ্য, হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, খাবার ও স্থানীয় সংস্কৃতির বিকাশ ও প্রচার-প্রসারে ১০ দিনব্যাপী শরৎ মেলা-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার মুরাদাবাদ এলাকার মোজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে মেলার উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
মেলায় ৪৫টি স্টলে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় হস্তশিল্প, নারীদের তৈরি সামগ্রী, পোশাক, খাদ্যপণ্যসহ নানা ধরনের উপকরণ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দা নাবিলা আহমেদ বলেন, স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দেশীয় পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে নারী উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে তাদের পণ্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য আবিদ, তৌহিদ, আকবর, কাজী মিজবাহ ও বাবু জানান, দর্শনার্থীদের জন্য মেলায় বিভিন্ন ধরনের খাবার, দেশীয় পণ্য ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিকও তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, মেলা চলাকালে আরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে এবং স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।