ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে একনজর দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় নেতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতার টানে হাসপাতালে ছুটে যাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরাও।
যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএনপি নেতা হেনাকে দেখতে হাসপাতালে যান বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
নেতার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে হাবিবুর রশিদ সন্ধান সরকারসহ উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আলী আজগর তালুকদার হেনা দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন।