বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য আরও দক্ষ করে তুলতে আগামী জানুয়ারি থেকে তিনটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কোর্স চালুর উদ্যোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ‘Bridging Academia and Industry for Sustainable Development: Research Excellence, Innovation and Industrialization’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। সভাপতিত্ব করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা করলেই হবে না, শিক্ষার্থীদের শিল্পখাতের চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে। ক্লাসরুমের শিক্ষা ও শিল্পখাতের চাহিদার মধ্যে সমন্বয় ঘটাতে না পারলে দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান তৈরি কঠিন হবে।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির প্রস্তুতি, যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ ও নৈতিকতার মতো বিষয়েও দক্ষ করে তুলতে হবে।
ইউজিসির এই সদস্য জানান, আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’, ‘এমপ্লয়েবিলিটি স্কিল’ এবং ‘এথিকস অ্যান্ড প্রফেশনালিজম’—এই তিনটি বিশেষ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কোর্স শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, একটি আধুনিক ও টেকসই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পখাতের সঙ্গে কার্যকর যোগাযোগ গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট জ্ঞান ও উদ্ভাবন যেন দেশের মানুষের কল্যাণ ও জাতীয় উন্নয়নে কাজে লাগে, সে জন্য একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করতে হবে।
তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে বেরোবি প্রতিশ্রুতিবদ্ধ।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। এ ছাড়া বেরোবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বেরোবির সঙ্গে সাতটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো রংপুর গ্রুপের তিস্তা ইউনিভার্সিটি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ (আরসিএমসি), সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ), করুপণ্য রংপুর লিমিটেড, ওডু মিডল ইস্ট ডিএমসিসি লিমিটেড, জবলেটিক বাংলাদেশ এবং সেন্টার ফর অল্টারনেটিভস, ঢাকা।
এ ছাড়া এর আগে বেরোবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেমিনারে অংশ নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও কর্মদক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করেন।
এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রিমিয়াম ফ্রুটস, আলফাটেক, মিডিয়া রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই), ইসলামিক রিলিফ বাংলাদেশ, জনতা ব্যাংক রংপুরের লালবাগ শাখা এবং রূপালী ব্যাংক রংপুরের তেঁতুলতলা শাখা উল্লেখযোগ্য।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।