জেলা প্রতিনিধি
ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মিতা রানী সাহা (৪৭) নামের এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিতা রানী সাহা ঝিনাইদহ জেলা শহরের গীতাঞ্জলি সড়কের শ্যামল কুমার সাহার স্ত্রী ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। নিহত মিতা রানী সাহার স্বামী শ্যামল কুমার সাহা বলেন, গত ৬ মে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে মিতা রানী সাহা গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে ঝিনাইদহের আইনজীবী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।