‘ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি,আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য,স্কাউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,এনজিওকর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দীকুর রহমান এবং তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি,জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বন্যা,বজ্রপাত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ ও মহড়ার গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে নিরাপদে সরে যাওয়া, আগুন নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বক্তারা আরও বলেন,দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে প্রস্তুতি ও সচেতনতা গড়ে তুলতে হবে।