নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার তোফাজ্জল হোসেন, শুভপুর গ্রামের মুহম্মদ আবু তাহের এবং উত্তর অর্জুনতলা গ্রামের মো. নূর নবী চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নোয়াখালী জেলা দুদকের কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস।
দুদক সূত্রে জানা গেছে, মো. সামছুল হক নামের এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে আদালত বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধানের নির্দেশ দেন। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী অভিযোগটি অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে জাল মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি ভাতা গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।
প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, অভিযুক্ত তিন ব্যক্তি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও জালিয়াতির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই সনদ ব্যবহার করে তাঁরা নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছিলেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের অনুসন্ধানে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের নাম মুক্তিবার্তা কিংবা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের লাল বইয়ে পাওয়া যায়নি। এ ছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে তাঁরা প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে জানানো হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে দুদক। তবে মামলার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।