গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের আয়োজিত মিলাদ মাহফিলে আরেক প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জরিপপুর (জঙ্গলমারা) এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন - ওই এলাকার মিঠুর ছেলে শাফিন (৮) এবং ভমর আলীর ছেলে হারুন (৫০)।
স্থানীয়রা জানান, জরিপপুর (জঙ্গলমারা) এলাকার বাসিন্দা ওসমান আলীর ছেলে জাফরুল আসন্ন গুমানীগঞ্জ পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবু মৃধার একজন সমর্থক। সম্প্রতি নতুন বাড়িতে ওঠা উপলক্ষে মঙ্গলবার রাতে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেন৷ উক্ত অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে সাবু মৃধাকে আমন্ত্রণ করেন।
বিষয়টি জেনে এলাকায় থাকা আরেক ইউপি সদস্য প্রার্থী মঞ্জু আকন্দের সমর্থকেরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেন। তারা সাইদুরের নেতৃত্বে ৫০-৬০ জন মিলে সংঘবদ্ধভাবে রাত সাড়ে ৯টার দিকে জাফরুলের বাড়ির সামনে এসে মিলাদে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। তখন সেখানে আসা শতাধিক লোকজন ভয়ে দৌড় দিলেও শিশু শাফিন ও বৃদ্ধ হারুনকে ধরে তারা মারধর করে। এসময় তারা মিলাদের জন্য রান্না করা ডেকচির খাবার নষ্ট করে, চেয়ার ভাংচুর ও লুটপাট করে হুমকি দিয়ে চলে যায়।
মুঠোফোনে ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক সাবু মৃধা সেখানে উপস্থিত হন। কিন্তু এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে দেখে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ফোর্স এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী জাফরুল বলেন, এখানে কোনো নির্বাচনী মিটিং ছিল না। শুধু সাবু ভাইয়ের নির্বাচনী দোয়ার জন্য বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীদের নিয়ে নতুন বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছিল। ওরা দল বেঁধে ৫০ জনের ওপরে লোক এসে আক্রমণ করলো। এই পাড়ার লোকজনের পাশাপাশি গোয়ালপাড়া থেকেও এসেছিল। এখানে আসা লোকজনকে অপমান করলো। আমি কোনো অপরাধ করিনি, কারও ক্ষতি করিনি। আমি এ ঘটনার ন্যায্য বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত একজন মহিলা বলেন, ওখানে কোনো চেয়ার ভাংচুর নয়। আমি গিয়ে চেয়ার ধরা মাত্র ওরা আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তখন আমি একজন বয়স্ক মানুষকে ধাক্কা দিয়েছি। ওখানে শুধু আমরা দুজন স্বামী-স্ত্রী ছিলাম। যাদের কথা বলতেছে তারা ঘটনাস্থলে ছিল। দুই মেম্বার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটেছে। দুইপক্ষই বিএনপি করে৷
ইউপি সদস্য প্রার্থী সাবু মৃধা বলেন, আমি এখানে কোনো নির্বাচনী প্রচারণা করি নাই। আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার। এই সুবাদে লোকজন তিনদিন আগে আমার বাড়িতে গিয়ে নির্বাচন করার জন্য বলে। আমি তাদের বলি, আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি নির্বাচনে দাঁড়াব। তখন তারা নতুন বাড়িতে ওঠা উপলক্ষে দোয়া মাহফিল এবং সেই অনুষ্ঠানে আমার পক্ষে নির্বাচনী কথা বলবে বলে জানায়। এ কথা বলে আমাকে দাওয়াত দেয়। দাওয়াত করলে সেখানে যেতে হয় কিন্তু আমি সেখানে যায়নি। ঘটনার সময় বাজারে বসে লোকজনের সাথে চা খাচ্ছিলাম। এর মধ্যে কিছু লোকজন কল করে জানায় জাফুরুলের বাড়িতে হামলা ও ভাংচুর হচ্ছে। আমি একটু আসেন, তা না হলে লোকজনকে মেরে ফেলবে। অসুস্থ থাকা স্বত্বেও তখন বাধ্য হয়ে আমি ঘটনাস্থলে আসি।
তিনি আরও বলেন, অনুষ্ঠানের জন্য ডেকোরেটর থেকে যে জিনিসপত্রগুলো ভাড়া করে নিয়ে আসা হয়েছে। সেগুলো লুটপাট করে নিয়ে গেছে। সেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়৷ যে ব্যক্তি এগুলো এনেছে সে গরিব মানুষ৷ সে এত টাকা পয়সা দিতে পারবে না। একশো চেয়ারের দাম কত? একশো চেয়ার শুধুমাত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে৷ এই মঞ্জু ও সাইদুরের বিরুদ্ধে মব সৃষ্টি করে বাড়ি ভাংচুর ও লুটপাটের মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগের আমলেও তারা সন্ত্রাসী কর্মকান্ড করেছে। আমি চাই এ ঘটনার সুষ্ঠু বিচার হোক।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, আমি বিষয়টি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।