নোয়াখালীর সুধারামে শারীরিক প্রতিবন্ধী যুবক কবির হোসেনকে (৩৫) পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা ও নাইলনের রশি। এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে জানাজার আগে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
নিহত কবির হোসেন নোয়াখালী সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নোয়ান্নই গ্রামের গাইন বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত হানিফ ও মা কমলা বেগম। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি কোনো কাজকর্ম করতে পারতেন না।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গাছের লাঠি ও কাঠের টুকরা দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর মা কমলা বেগমকেও মারধর ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ রয়েছে।
একপর্যায়ে কবিরকে বাজারের একটি পিলারের সঙ্গে নাইলনের রশি দিয়ে বেঁধে দফায় দফায় মারধর করা হয়। পরে বিকেল তিনটার দিকে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আহত কবিরকে জোর করে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে মাইজদীর দিকে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারকে জানানো হয়, কবিরকে নোয়ান্নই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা।
পরে সুধারাম থানাধীন ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের তাজু মেম্বারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার পাশে একটি কড়ইগাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে কবিরের পিঠ, পেট, দুই হাত ও দুই পায়ের উরুতে আঘাতের কালো দাগ এবং মুখে রক্তের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ) বিকেলে কবির হোসেনের জানাজা শেষে নোয়ান্নই গ্রামের গাইন বাড়িতে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং এসআরবির সহযোগিতায় এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. আলাউদ্দিন মুন্সী (২৮), মো. ফারুক উদ্দিন শুভ (২৪), মো. হোসেন (৩৪) ও মো. তারেক (২৩)।
পুলিশ জানিয়েছে, দ্বিতীয় ঘটনাস্থল দেবীপুর থেকে একটি অটোরিকশা ও ১০ হাত নাইলনের রশি উদ্ধার করে জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্য অভিযুক্তদের শনাক্ত করার কাজও চলছে।
নিহতের মা কমলা বেগম (৫২) বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
একজন শারীরিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের পর হত্যার এই অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন এলাকাবাসীর দাবি-সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা।