বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। তিনি বলেন, শিক্ষার্থীদের হয়রানি করার চেষ্টা করা হলে তাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পড়াশোনার পাশাপাশি কলেজের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি শাহ্ সুলতান কলেজের খেলার মাঠে উচ্চমাধ্যমিক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল করিম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধের চর্চা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করেন।