গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম বাদশা।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে তিনি ইউনিয়নের বামনকুড়ি, শাকপালা, ফতেউল্যাপুর রায়ের বাড়ি ও দক্ষিণপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেকেন্দার আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হারুন মন্ডল, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মশিউর রহমান, বামনকুড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ কুমার বিশ্বজিৎ, শাকপালা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক চন্ডি চরণ, ফতেউল্যাপুর রায়ের বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি সুভেন্দ্র মহন রায় লিটন, সাধারণ সম্পাদক পল্লব দেব, ফতেউল্যাপুর দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরের সভাপতি মৃগেন্দ্র নাথ প্রধান, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র কর্মকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজহারুল ইসলাম বাদশা বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং আমাদের ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সবসময় খোঁজখবর রাখছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।