শিরোনাম:বাড়ি ফেরার টান ও ক্যাম্পাসের মায়া
বিশ্ববিদ্যালয়ের শুরুটা যেন একসাথে ভয়, উত্তেজনা, আনন্দ আর নানা অজানা অনুভূতির একই সুতোয় গাঁথা। নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, নতুন মানুষ সবকিছুই যেন এক অধরা ধোঁয়াশার মতো মনে হয়। যেহেতু আমার আগে কখনো গোপালগঞ্জ আসা হয়নি, সেহেতু শুধু ক্যাম্পাস আর চারিদিকের পরিবেশই আমার অচেনা নয়, গোপালগঞ্জ জেলায় আমার কাছে অপরিচিত ছিল। আমার ঠিক মনে আছে দিনটি ছিল ১১জুলাই যেদিন আমি আমার বাড়ি ছেড়ে নতুন ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হলাম। সেদিন আমি বুঝতে পারছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি কষ্ট! প্রতিদিন সকালে মায়ের ডাকে ঘুম ভেঙ্গে যাওয়া, মায়ের হাতের রান্না,সকলে মিলে আড্ডা , পরিচিত মানুষদের সাথে গল্প —এসব হঠাৎ করেই যেন এক অনেক দূরের বিষয় হয়ে যায়।তখন ছোট ছোট বিষয় ও অনেক মনে পড়ে। বাড়ির খাবারের স্বাদ, নিজের ঘর, পরিবারের মানুষের হাসি —সবকিছুর জন্য এক ধরনের টান অনুভব হয়। ছুটির দিন এলেই মনে হয়,"কবে বাড়ি যাব?"
কিন্তু সময়ের সাথে সাথে এই অপরিচিত ক্যাম্পাস ও ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে। শুরুতেই যাদের সাথে কথা বলতে সংকোচ বোধ হতো তারাই একসময় বন্ধু হয়ে যায় । সহপাঠীর সঙ্গে একসাথে ক্লাস করা,নোট করা, ক্যাম্পাসে আড্ডা দেওয়া এসব কিছুর মধ্যে দিয়েই তৈরি হয় নতুন সম্পর্ক। সিনিয়রদের সহযোগিতা ও আন্তরিকতাও নতুন পরিবেশের ভয় অনেকটা কমিয়ে দেয়।
ক্যাম্পাসের ছোট ছোট ঘটনায় এক সময় বড় স্মৃতি হয়ে যায়। নতুন ক্লাস, নতুন বন্ধুত্ব, একসাথে গল্প করা কিংবা কোনো কারণ ছাড়াই অনেকক্ষণ একসঙ্গে আড্ডা —এসব কিছুই ধীরে ধীরে ক্যাম্পাসের প্রতি একধরনের মায়া তৈরি করে।
তখন বোঝা যায়, বাড়ির প্রতি যেমন ভালোবাসা কমে না, তেমনি ক্যাম্পাস ও নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বাড়ি ফেরার ব্যাকুলতা আর ক্যাম্পাসের প্রতি টান —দুটো অনুভূতিই পাশাপাশি চলতে থাকে।যে জায়গাটি একসময় অপরিচিত ছিল সময়ের সাথে সাথে সেটিও হয়ে ওঠে আরেকটি আপন ঠিকানা। এভাবেই একজন নবীন শিক্ষার্থী ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় এবং নিজের নতুন জগৎ তৈরি করে।
নাম: জলি খাতুন
সমাজ বিজ্ঞান বিভাগ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়