বরিশালের বানারীপাড়ায় ১৭ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে ঢাকার আশুলিয়ায় আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি তার। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে গ্রেপ্তার আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, গত রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরী প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। অন্যদিকে, তার মা পাশের জমিতে গরু বাঁধতে গিয়েছিলেন।
পরে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় সাইমনকে মেয়েটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইমন পালিয়ে যায় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা ঝর্না বেগম বাদী হয়ে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় এবং এসআরবির সহায়তায় অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সাইমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর চিকিৎসা, সুরক্ষা এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।