বগুড়ার ধুনটে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতায় কাজ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় ও খোঁজখবর নেওয়ার পাশাপাশি সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার এলাঙ্গী ও চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হোসেন। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা। এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক পরিচালনা করতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
ধুনট উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্য ও বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা এবং পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তারা কাজ করছেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনে যেকোনো প্রয়োজনে পাশে থাকা, দর্শনার্থীদের সহযোগিতা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।