দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে একটি সুসজ্জিত আইসিইউ অ্যাম্বুলেন্স অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। একই সঙ্গে হাসপাতাল ভবনের সামনে ব্যাংকটির নতুন একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আইসিইউ অ্যাম্বুলেন্সটি জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে।
অন্যদিকে, হাসপাতাল ভবনের সামনে এটিএম বুথ চালু হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগী, তাঁদের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের নগদ টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এনসিসি ব্যাংকের এ মানবিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তিনি ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, ডা. মো. গোলাম গাউস মন্টু, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলহাজ মো. আবু বক্কর সিদ্দিক, ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. আশফাফুর রহমান আশফাক এবং এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মো. কামাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. শামীম কবির, পরিচালক রাহবার কবির পিয়াল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুদা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফ উজ জামান, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতাল ব্যবস্থাপক এ এস এম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এ কে এম রুকুনুজ্জামান, জনসংযোগ ও অ্যাসাইনমেন্ট কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টু এবং কমিউনিটি রিলেশন কর্মকর্তা মো. রশিদুল ইসলাম ফটিকসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।