যশোরের মণিরামপুর উপজেলায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। স্বজনপ্রীতি, অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দলের তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে প্রভাবশালী মহল নিজেদের পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ পাইয়ে দিয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে সম্প্রতি কিছুদিন আগে ৪৩০০০ টাকা ও মাদক (ইয়াবা) সহ প্রশাসনের হাতে আটক হওয়া এক ব্যক্তির স্ত্রীর নামে সার ডিলারশিপ বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর স্ত্রীর নামে দেওয়া সার ডিলারশিপ বাতিলের দাবি জানান। একই সঙ্গে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কোনাকোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা নাজমুল হক টিটো, সমাজসেবক ব্যাংকার আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে দলের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন। তাঁরা দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এমন এক ব্যক্তির স্ত্রীর নামে দেওয়া ডিলারশিপ দ্রুত বাতিলের দাবি জানান।
এর আগে, মণিরামপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির দুই নেতা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। তাঁদের অভিযোগে দূর্বাডাঙ্গা ইউনিয়নে মেসার্স জান্নাতুল ফেরদাউস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রওশনারা খাতুনের নিয়োগের বিষয়টি উঠে আসে। তাঁর স্বামীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগও করা হয়েছে।
অন্যদিকে, শ্যামকুড় ইউনিয়নে মেসার্স জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী সালাহ উদ্দিনের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁর বাবা স্থানীয় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির সভাপতি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীরা প্রকাশিত ডিলার তালিকা নিরপেক্ষভাবে পুনরায় যাচাই-বাছাই এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া রওশনারা খাতুন ও সালাহ উদ্দিন তাঁদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, নিয়মনীতি অনুসরণ করেই তাঁরা ডিলারশিপ পেয়েছেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি সম্রাট হোসেন জানিয়েছেন, সার ডিলার নিয়োগ নিয়ে পাওয়া অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকও সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের কথা জানিয়েছেন। তাঁর নিজের ইউনিয়ন রোহিতায় একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় পাঠানো নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
সার ডিলার নিয়োগ নিয়ে একের পর এক অভিযোগ ও প্রতিবাদ কর্মসূচিতে মণিরামপুরের স্থানীয় রাজনীতিতে অস্বস্তি তৈরি হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।