বিয়ের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে প্রেমিকের বাড়ির সামনে দুই দিন ধরে অবস্থান নিয়েছেন মনি আক্তার (২৭) নামের এক নার্স। দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি এ অবস্থান নেন। পরে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় এক ইউপি সদস্য তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান।
মনি আক্তার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চান মিয়ার মেয়ে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। তাঁর অভিযোগ, দিনাজপুরে একই কলেজে পড়াশোনার সুবাদে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়া এলাকার বাসিন্দা জাকারিয়া সরকার জনির সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
জাকারিয়া সরকার জনি উত্তরা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। মনি আক্তারের দাবি, গত দুই বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাকারিয়া তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তবে বর্তমানে জাকারিয়া বিয়েতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ তাঁর।
মনি বলেন, পরিবারের পক্ষ থেকে অন্যত্র তাঁর বিয়ের আয়োজন করা হলে জাকারিয়া আত্মহত্যার হুমকি দেন। তাঁর কথায় বিশ্বাস করে তিনি ওই বিয়েতে রাজি হননি। এ কারণে পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি ঘটে। এখন জাকারিয়া বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় বাধ্য হয়ে তাঁর বাড়িতে অবস্থান নিয়েছেন বলে জানান মনি।
এ পরিস্থিতিতে রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জাকারিয়ার বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি। তাঁর আসার খবর পেয়ে জাকারিয়া ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান বলে জানা গেছে। এরপর সোমবার দুপুর পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করেন। পরে বাঙ্গালীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনিসুল ইসলাম তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান।
ইউপি সদস্য আনিসুল ইসলাম বলেন, মেয়েটি দুই দিন ধরে বাড়ি গেটে অবস্থান করছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে আমার বাড়িতে নিজের হেফাজতে রেখেছি। ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাকারিয়া সরকার জনি ও তাঁর বাবা সেকেন্দার সরকারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। বিষয়টি আমি শুনেছি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।