বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বিদ্যামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও নিয়মিত পাঠদান হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও যথাযথ তদারকির অভাবে প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিশুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ইউএনডিপির শিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। পোয়ামুহুরী বাজারে যাওয়ার প্রধান সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, সপ্তাহে মাত্র এক থেকে দুই দিন বিদ্যালয় খোলা থাকে। শিক্ষকরা বিদ্যালয়ে এলেও এক থেকে দুই ঘণ্টা অবস্থানের পর চলে যান। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতিও অত্যন্ত কম। কোনো কোনো দিন ছয়-সাতজনের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না বলে দাবি তাঁদের।
অভিভাবকদের ভাষ্য, এক-দুই বছর বিদ্যালয়ে পড়াশোনা করেও অনেক শিশু বাংলা পড়া, নিজের নাম লেখা, ইংরেজি ও প্রাথমিক গণিতের মৌলিক দক্ষতা অর্জন করতে পারছে না। এমন পরিস্থিতিতে অনেকে সন্তানদের পাশের ইয়াংরিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাচ্ছেন। সেখানে আবাসিক হোস্টেলের ব্যবস্থাও রয়েছে।
গত ১৮ নভেম্বর সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শনকালে শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ, জাতীয় পতাকা উত্তোলিত নয় এবং বিদ্যালয় প্রাঙ্গণ আগাছা ও বড় ঘাসে আচ্ছাদিত দেখা যায়। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক মাইকেল মারমা জানান, তিনি ওই দিন বিদ্যালয়ে গিয়েছিলেন। কিন্তু পরিদর্শনের সময়ের আগেই ছুটি হয়ে গিয়েছিল।
বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও দৈনন্দিন কার্যক্রম দেখভালের জন্য স্থানীয় একজনকে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক। তাঁর দাবি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাও অবগত ছিলেন এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত রেজুলেশনে উল্লেখ রয়েছে।
তবে এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তিও নিয়মিত দায়িত্ব পালন করেন না। তাঁদের মতে, বিদ্যালয়ের এমন পরিস্থিতির পেছনে কার্যকর তদারকির অভাবও অন্যতম কারণ হতে পারে।
এ অবস্থায় বিদ্যালয়ের প্রকৃত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের উপস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। একই সঙ্গে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে সরকারি বিদ্যালয়ের এমন পরিস্থিতি উদ্বেগজনক। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে।