যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভারত থেকে দেশে ফেরা যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি কলকাতা-ঢাকা রুটের বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষ।
পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সড়কের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অবরোধের ঘটনায় চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনার পর দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান জানান, সরাসরি কলকাতা-ঢাকা রুটের বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বৃহস্পতিবার কলকাতা থেকে চারটি বাস আসার কথা রয়েছে। ভারত থেকে ফেরা যাত্রীদের অনেকে সেসব বাসে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন।
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম জানান, রাজনৈতিক কর্মসূচির কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
এদিকে রয়েল কোচ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক মুকুল হোসেন জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে বিশেষ ব্যবস্থায় বরিশালগামী কিছু বাস চলাচল করছে।
বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে ফেরা অনেক যাত্রী বিকল্প হিসেবে স্থানীয় বাস ও ট্রেনে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে স্থানীয় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল কখন শুরু হবে, সে বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।