জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃত্তি সন্ধ্যায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী আবৃত্তিশিল্পীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করে শোনান। প্রাণবন্ত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শব্দকুঞ্জের আবৃত্তিশিল্পীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে শব্দকুঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক আরিফ হাসান বলেন, ‘কবিদের লেখা আমরা আমাদের মতো করে উচ্চারণের চেষ্টা করি। শব্দকুঞ্জ কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন নয়। আমরা শুধুই আবৃত্তিচর্চা করি।’
সংগঠনটির অর্জন ও কার্যক্রমের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদের প্রাপ্তি হলো, বাংলাদেশের অনেক স্কুল-কলেজে শব্দকুঞ্জ থেকে আবৃত্তি শিখে অনেকে সুনামের সঙ্গে আবৃত্তি শেখাচ্ছেন। এটি আমাদের জন্য আনন্দের ও গর্বের।’
আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সন্ধ্যা শেষে কেক কাটার মধ্য দিয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।