বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহীন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মাহফিলে বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিল্টন দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মাহফিলে স্থানীয় এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।