বগুড়ায় তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল। জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এ ছাড়া আগামীকাল বুধবার কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ ক্যাম্পাসের বাইরে পথচারী ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ ড. সাইদুর রহমান, উপাধ্যক্ষ শাহিন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে সোমবার প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ৬২টি নিমগাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া রোববার তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পোশাক তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সেই কর্মসূচির ধারাবাহিকতায় কলেজ ছাত্রদলও বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করে।
বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় তারেক রহমানের আদর্শ ও মানবিক রাজনীতির দর্শনকে ধারণ করে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদের নেতৃত্বে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করা। সেই আদর্শকে ধারণ করেই জন্মদিনের আনুষ্ঠানিকতাকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়া হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তাঁরা আদর্শিক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে চান।