উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব আর অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ; এই তিন সংকটে প্রতিবছর মাঠে উৎপাদিত বিপুল পরিমাণ ফল ও সবজি বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। ফসল তোলার পরের এই ক্ষতি কমিয়ে কৃষকের আয় বাড়াতে এবার নতুন সম্ভাবনা দেখাচ্ছে সৌরবিদ্যুৎচালিত হিমাগার।
রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত এমনই এক হিমাগারের সফল অভিজ্ঞতার পর প্রযুক্তিটি দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকায় ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহীর ওই খামারে বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগারটি তৈরি করা হয়েছে। বিদ্যুৎ না থাকলেও এর ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে ব্যবহার করা হয়েছে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম)। ফলে গ্রামীণ এলাকায় লোডশেডিং থাকলেও ফল ও সবজির গুণমান অটুট রাখা সম্ভব হচ্ছে।
প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, শুধু হিমাগার নয়, এর সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা যুক্ত করা গেলে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের বড় অংশ বাজারজাত করতে পারবেন। এতে সরাসরি তাদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে।
কৃষিকে দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকার মূল ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করা এখন কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠান্ডা করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা যেমন বাড়বে, তেমনি জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে উঠবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)। প্রকল্পের আওতায় স্থানীয়দের কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দেশের আরও কৃষিপ্রধান এলাকায় এ প্রযুক্তি পৌঁছে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ইনহান কিম।
এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও) এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।