ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগের যোগ্যতার শর্ত শিথিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণ না করায় এক সাবেক শিক্ষার্থীর আবেদন গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয়। তবে এর কয়েক দিন পরই সিন্ডিকেট সভায় নিয়োগের যোগ্যতার শর্ত শিথিল করা হয়। এতে ওই প্রার্থীর পরবর্তী নিয়োগ বোর্ডে আবেদনের সুযোগ তৈরি হয়েছে। তাঁকে নিয়োগের সুযোগ করে দিতেই শর্ত শিথিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বুধবার সকালে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোসফেকা খাতুন আবেদন করেন। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর আবেদন গ্রহণযোগ্য হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়োগনীতিমালা অনুযায়ী, বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর যোগফল ন্যূনতম ৯.০০ থাকতে হতো। পাশাপাশি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪.৫০ পাওয়ার শর্ত ছিল। কিন্তু মুশফিকা খাতুনের দুই পরীক্ষায় জিপিএর যোগফল ৮.৪৬। ফলে প্রচলিত শর্ত অনুযায়ী তিনি আবেদনের যোগ্য ছিলেন না।
এদিকে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সাধারণ সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর যোগফল ন্যূনতম ৯.০০ এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ৮.০০ থাকতে হবে। ফলে নতুন শর্তে মুশফিকা খাতুনের আবেদনের যোগ্যতা তৈরি হয়েছে। নিয়োগ পরীক্ষার আগে এভাবে শর্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.২৫ (৫.০০-এর মধ্যে) থাকতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসির সমষ্টিগত জিপিএ ন্যূনতম ৯ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৮.৫০ থাকতে হয়।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, নতুন শর্তের সঙ্গে ওই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মিল থাকায় সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই প্রার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক শীর্ষ ব্যক্তির ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত বলে দাবি সূত্রটির। তাঁকে নিয়োগের সুযোগ করে দিতে ওই ব্যক্তি বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মোসফেকা খাতুন বলেন, “আবেদন তো যে কেউ করতে পারে। এটা গ্রহণ করবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের বিষয়। আপনি অযৌক্তিক প্রশ্ন করছেন। বিশ্ববিদ্যালয় আবেদন গ্রহণ না করায় আমি তো পরীক্ষা দিইনি।”
আবেদন গ্রহণযোগ্য হবে না জেনেও কেন আবেদন করেছিলেন—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি মৌসুমি আক্তার মৌ বলেন, আবেদন জমা পড়ার পর প্ল্যানিং কমিটি প্রার্থীদের তথ্য ও শিক্ষাগত যোগ্যতা যাচাই-বাছাই করে। নির্ধারিত শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুপারিশ করা হয় না। এ ক্ষেত্রে শর্ত পূরণ না হওয়ার কারণ তালিকার মন্তব্যের ঘরে উল্লেখ করা হয়। অনেক সময় প্রার্থীরা ভুলবশত যোগ্যতা পূরণ না করেই আবেদন করেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।