ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে নতুন করে নিবন্ধন ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সমাবর্তনের নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ইতোমধ্যে নিবন্ধন করা শিক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত দেব বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সনদ ফি ও অতিথি নিবন্ধন ফি অপরিবর্তিত রয়েছে।