নোয়াখালীর সেনবাগ উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজমুল আলম খান। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে সেনবাগ উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলা ভূমি প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম খানের বাড়ি চাঁদপুর জেলায়। প্রশাসনিক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাঁকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। সেখান থেকে বদলি হয়ে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন।
সেনবাগে যোগদানের পর মঙ্গলবার দুপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম খান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম খান। এর পাশাপাশি সেনবাগ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন তিনি।
তিনি ভূমি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায়, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে জমির নামজারি ও জমাখারিজ কার্যক্রম তদারকি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি চিহ্নিতকরণ ও সরকারি জমি উদ্ধার, সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত আবেদন ও রাজস্ব মামলা নিষ্পত্তি এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোর কার্যক্রম তদারকি করা।
এ ছাড়া আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ দখল ও ভূমি-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তাঁকে দায়িত্ব পালন করতে হবে।
সেনবাগ উপজেলার সাধারণ মানুষের কাছে ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবাপ্রতিষ্ঠান। জমির নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন কাজে প্রতিদিন অসংখ্য মানুষ এ অফিসে সেবা নিতে আসেন।
তবে ভূমি-সংক্রান্ত জটিলতা, দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে অস্পষ্টতা এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে সেবাপ্রার্থীদের মধ্যে বিভিন্ন সময়ে অসন্তোষ দেখা যায়। এ অবস্থায় নতুন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণ করায় সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
সচেতন মহলের প্রত্যাশা, নবাগত কর্মকর্তা তাঁর মেধা, দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেনবাগ উপজেলা ভূমি অফিসে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। বিশেষ করে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্ধারিত নিয়মে ভূমি সেবা পেতে পারেন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
পাশাপাশি সরকারি খাসজমি ও অন্যান্য সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিরসনে আইনানুগ ও নিরপেক্ষ ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশাও করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সেনবাগবাসীর প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম খানের দায়িত্বকাল হবে জনসেবামুখী, স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত।